পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে পথ দুর্ঘটনা বেড়ে যাওয়ায় ফের নড়ে চড়ে বসলো জেলা ট্রাফিক দপ্তর । “সাবধানে চালাও, জীবন বাঁচাও” অর্থাৎ সেফ ড্রাইভ সেভ লাইফ সম্পর্কে সচেতন করতে শুক্রবার কাঁথি ও এগরা দুই মহকুমা জুড়ে পালিত হল এই কর্মসূচি। রাজ্য ও জেলা ট্রাফিক হেড কোয়াটারের নির্দেশে একসঙ্গে মহকুমার পাঁচটি থানা দীঘা, রামনগর, কাঁথি, মারিশদা ও হেঁড়িয়ায় সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালিত হলো। কাঁথির ট্রাফিক ওসির তত্ত্বাবধানে কাঁথি শহরের খড়্গপুর বাইপাসে সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতন করা হয় যাতায়াতকারী গাড়ির চালকদের। রাস্তায় চলাচলকারী প্রত্যেক গাড়িতে সেভ ড্রাইভ সেভ লাইফ এর স্টিকার লাগানো হয় । সেই সঙ্গে হেলমেটহীন বাইক চালকদের হেলমেট ছাড়া বাইক না চালানোর নির্দেশ দেওয়া হয়। প্রয়োজনে আইনানুগ কড়া ব্যবস্থা নেয়া হবে বলে ট্রাফিক বিভাগের আধিকারিকরা জানান।






