নেদারল্যান্ডসের দ্বিতীয় বৃহত্তম শহর রটারড্যামে অনুষ্ঠিতব্য চলচ্চিত্রকেন্দ্রিক ইউরোপের বিখ্যাত আয়োজন ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম’। আগামী ২৫ জানুয়ারি পর্দা উঠছে উৎসবের ৫২তম আসরের। চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
মর্যাদাপূর্ণ এই উৎসবে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছে বাংলাদেশের চলচ্চিত্র। একসঙ্গে ঢাকার দুটি সিনেমা সেখানে জায়গা করে নিয়েছে। একটি হলও নুহাশ হুমায়ূন পরিচালিত ‘পেট কাটা ষ’, অন্যটি ঋতু সাত্তার নির্মিত ‘শবনম’। এর মধ্যে ‘শবনম’ লড়বে টাইগার শর্ট কম্পিটিশন বিভাগে।

এ প্রসঙ্গে নুহাশ ফেসবুকে একটি স্ট্যাটাসে লিখেছেন, “আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ইউরোপের অত্যন্ত মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক রটারড্যাম ফিল্ম ফেস্টিভ্যালে ‘পেট কাটা ষ’ অফিশিয়াল সিলেকশন পেয়েছে এবং সেখানে আন্তর্জাতিক প্রিমিয়ার হবে। আমাদের বাংলা ভূতের অসাধারণ নির্মাণশৈলীর গল্পগুলো এরই মধ্য অগণিত আন্তর্জাতিক দর্শকের মন ছুঁয়েছে।”
অন্যদিকে নির্মাতা ঋতু সাত্তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, “যারা এত দিন ধরে আমাকে উৎসাহ দিয়ে আসছেন, তাদের সবাইকে ধন্যবাদ। এ ছাড়া যারা আমাকে সঠিক পরামর্শ এবং উপদেশ দিয়েছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা।”
‘শবনম’ সিনেমাটির ট্রেলার শিগগিরই প্রকাশ করবেন বলে জানিয়েছেন নির্মাতা ঋতু।






