প্রদীপ কুমার সিংহ:- ছেলেদের জীবিত অবস্থায় ফেরত আসার পথ চেয়ে বসে আছে দুটি পরিবার৷যদিও সেই আশা কার্যত নেই জানেন তাঁরা ৷ তবুও যদি ফেরত আসে এই আশাতেই দিন গুনছে পরিবার ৷
বাড়ির আর্থিক দুরাবস্থা কাটাতে দুই বন্ধু অক্ষয় মিস্ত্রি আর দীপঙ্কর মন্ডল চেন্নাইতে একটা কোম্পানীর কাজে যোগ দিতে গত ২ জুন বাড়ি থেকে বেরিয়ে ছিলো৷
অক্ষয় মিস্ত্রির আসল বাড়ি জয়নগরের নিমপীঠে ৷ বর্তমানে অবশ্য পরিবারের সবাই থাকে সোনারপুরের বৈকুন্ঠপুর এলাকায় ৷ অন্যদিকে দীপঙ্কর মন্ডলের বাড়ি উত্তর চব্বিশ পরগনা থানা এলাকার ন্যাজাট এলাকায় ৷ বছর চারেক আগে বৈকুন্ঠপুরে মামার বাড়িতে থেকে পড়াশুনা করার জন্য এসেছিল দীপঙ্কর ৷ একই এলাকায় থাকার সুবাদে দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছিল ৷
দুই পরিবার সুত্রে জানা গেছে ২ জুন বিকাল সাড়ে পাঁচটা অবধি অক্ষয় ও দীপঙ্করের সাথে ফোনে কথা হয়েছে তাঁদের৷
তারপর আর হঠাৎ আসে ট্রেন দুর্ঘটনার খবর ৷ বারবার ফোন করলেও রিং হয়ে গিয়েছে ফোনে ৷ গয়না বন্ধক দিয়ে, পাড়া থেকে আর্থিক সাহায্য তুলে তারা পরিবারের লোক পাড়ি দিয়েছিল দুর্ঘটনাস্থলে ৷ এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল, লাশঘর ঘুরেও কোনও হদিস মেলেনি ৷ এখন হয়ত বেওয়ারিশ লাশ হয়ে ঘুরছে তাদের ছেলে ৷ উড়িষ্যা সরকারের নির্দেশে দুই পরিবারের সদস্য গিয়ে ডিএনএ পরীক্ষা করিয়ে এসেছে ৷ যদি কোনও লাশের সাথে ডিএনএ টেস্টের রিপোর্ট মেলে অন্তত শেষবারের মতন হলেও দুই পরিবারই নিজেদের সন্তানকে ফিরিয়ে আনতে চান বাড়িতে ৷ এই অপেক্ষাতেই এখন দিন গুনছে দুই পরিবারই ৷






