লাগাতার প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর সিকিম। একাধিক রাস্তায় ধস নামার জেরে আটকে পড়েছেন অন্তত দু’হাজার পর্যটক। কীভাবে বাড়ি ফিরবেন? চিন্তায় চিন্তায় সময় কাটছে তাঁদের।
সে রাজ্যের প্রশাসন জানিয়েছে, উত্তর সিকিমের মনগন থেকে চুংথাং পর্যন্ত রাস্তায় যান চলাচল বিঘ্নিত হয়েছে। মনগন জেলা প্রশাসন জানিয়েছে, ধসের কারণে বেশ কয়েকটি রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে। ছাঙ্গু লেক, নাথুলা, বাবা মন্দিরের মতো জনপ্রিয় পর্যটনস্থলগুলি যাওয়ার সংযোগকারী রাস্তায় জওহরলাল নেহরু মর্গের কাছেও ধস নেমেছে।

সম্প্রতি তুষার ধসে সাত পর্যটক প্রাণ হারানোর পর তাঁদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। গতমাসে আবার তুষারঝড়ে আটকে পড়েছিলেন ৪০ পর্যটক। তাঁদের উদ্ধার করেছিল ভারতীয় সেনা ও বর্ডার রোড অর্গানাইজেশন । চলতি বছরে এই নিয়ে পঞ্চমবার প্রাকৃতিক দুর্যোগে আটকে পরা পর্যটকদের উদ্ধারের জন্য নেমেছে সেনা ও বিআরও।বৃষ্টি থামলেই রাস্তা মেরামতির কাজ শুরু হবে বলে প্রশাসন সূত্রে খবর।






