তমলুক মহকুমার গুরুত্বপূর্ণ সোয়াদিঘী খাল আগামী বর্ষার পূর্বে পূর্ন সংস্কার, সেচ দপ্তরের সিডিউল অনুযায়ী গঙ্গাখালি ও জঁফুলি খালের পূর্ণ সংস্কার প্রভৃতি দাবীতে আজ পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙন প্রতিরোধ কমিটির পক্ষ থেকে সেচ দপ্তরের তমলুক সাব্ ডিভিশনের এস ডি ও সৌরভ দাসের সাথে দেখা করে ডেপুটেশন দেওয়া হয়। প্রতিনিধিদলে ছিলেন, কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক, সোয়াদিঘী খাল সংস্কার সমিতির সম্পাদক মধুসূদন বেরা, সহঃ সম্পাদক প্রশান্ত সামন্ত, সহঃ সভাপতি নিবাস মানিক প্রমুখ। দপ্তরের এস ডি ও প্রতিনিধিদলকে জানান, রাজ্য সেচ দপ্তরের সিদ্ধান্ত অনুসারে সোয়াদিঘী খাল সংস্কার করার জন্য পশ্চিম বঙ্গ মিনারেল ডেভেলপমেন্ট ট্রেডিং করপোরেশন লিমিটেড(ডব্লিউ বি এম ডি টি সি এল)কে দায়িত্ব দেওয়া হয়েছে। ওরা ওদের নিয়মে টেন্ডার নোটিশ করেছিল। কিন্তু কোন এজেন্সি অংশগ্রহন করে নি। পুনরায় টেন্ডার নোটিশ করা হবে। গঙ্গাখালি সংস্কারের কাজ শুরু হয়েছে। শীঘ্রই ওদের সিডিউল অনুযায়ী কাটিং চার্ট দেওয়া হবে।
অন্যদিকে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পক্ষ থেকে কোলাঘাট ব্লকের পরমানন্দপুরের যোগীদহ হইতে বরদাবাড় পর্যন্ত টোপা ড্রেনেজ খাল সংস্কারের ওয়ার্ক অর্ডার ইস্যু করা হয়েছে গতকাল। এ জন্য বরাদ্দ করা হয়েছে ৭৪ লক্ষ ৮৯ হাজার ১১৮ টাকা। আগামী সপ্তাহে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বৈঠক করে ওই খালের সংস্কারের কাজ শুরু হবে বলে জেলা পরিষদ সূত্রে জানা গেছে। আগামী সপ্তাহের প্রথমেই বৈঠক করে যাতে বোরো মরশুমের ধান চাষ ব্যাহত না হয়,সেজন্য অতি দ্রুত কাজ শুরুর আবেদন জানিয়েছে বন্যা প্রতিরোধ কমিটি।





