চুল ব্যবসায়ীকে অপহরণ করে আটকে রেখে ১ কোটি ৩০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করার ৩৬ ঘণ্টার মধ্যে পুলিশ অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করে বড়সড় সাফল্য পেল ভগবানপুর থানার পুলিশ। অন্ধ্রপ্রদেশের ওয়েস্ট গোদাবরী জেলার তামুন্না থানার বাসিন্দা বীরান্না রঙ্গী শেট্টি চুলের ব্যবসার জন্য ভগবানপুরে ঘর ভাড়া নিয়ে থাকতো। ২৮ জুলাই ভগবানপুরে এসেছিল। তাকে কিছু দুষ্কৃতকারী অপহরণ করে ১ কোটি ৩০ লক্ষ টাকার মুক্তিপণ দাবি করে।
ভগবানপুর থানার পুলিশ খবর পেয়ে তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করে। গোপন সূত্রে জানতে পেরে ময়নার বাগচার এক গোপন ডেরায় লুকিয়ে রাখা হয়েছে। পুলিশের স্পেশাল টীম তৈরি করে ময়না থানার পুলিশের সহযোগিতায় ব্যবসায়ীকে উদ্ধার করে।
শুক্রবার কাঁথি মহকুমা আদালতে ব্যবসায়ীর গোপন জবানবন্দী গ্রহণ করা হয়। ভগবানপুর থানা সূত্রে জানা গেছে অপহরণকারীদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চালানো হচ্ছে। এগরা মহকুমা পুলিশ অফিসার দেবীদয়াল কুন্ডু জানিয়েছেন অপহৃত ব্যবসায়ীকে ৩৬ ঘণ্টার মধ্যে সুরক্ষিতভাবে উদ্ধার করা হয়েছে। অপহরণকারী দুষ্কৃতকারীদের গ্রেফতারের জন্য চেষ্টা চালানো হচ্ছে।





