পূর্ব মেদিনীপুরের তমলুক থানা এলাকায় ১১৬ নং জাতীয় সড়কের নিমতৌড়িতে বৃহস্পতিবার ভোরের দিকে একটি বেপরোয়া বালি বোঝাই ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেনে এক প্রতিবন্ধী শিল্পী। মৃত যুবকের নাম দীনেশ মাহাতো (২৭)। তিনি পশ্চিম মেদিনীপুরের শালবনীর বাসিন্দা। এছাড়াও এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন জাতীয় পুরষ্কার প্রাপ্ত আর এক প্রতিবন্ধী শিল্পী ।দুর্ঘটনাগ্রস্থ শিল্পী দঃ২৪ পরগনার সন্দেশখালির বাসিন্দা,নাম প্রশান্ত বর । তিনি এই মুহূর্তে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তমলুক নিমতৌড়ি উন্নয়ন সমিতির সম্পাদক যোগেশ সামন্ত জানান,প্রতিবন্ধীদের স্বনির্ভরতার লক্ষ্যে আমাদের সংস্থার একটি কালচার্যাল টিম আছে। সেই টিমের সদস্য দীনেশ মাহাতো, প্রশান্ত বর। গতকাল ভগবানপুরে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তাঁরা। রাতে সেখান থেকেই ফিরে নিমতৌড়িতে নেমে বাড়ি ফেরার তোড়জোড় করছিল। সেই সময় একটি বালি বোঝাই ট্রাকের ধাক্কায় দীনেশের মৃত্যু হয়েছে। অন্যজন আপাতত বিপদমুক্ত বলে জেনেছি।

এই ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী অর্ধেন্দু সিং জানান,আচমকাই প্রচন্ড শব্দ পেয়ে ছুটে দোকানের বাইরে এসে দেখলাম একটি বালির গাড়ি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা মেরেছে। সেখানেই রক্তাক্ত হয়ে দু’জন পড়ে ছিল। পরে পুলিশ এসে গাড়িগুলোকে সরিয়ে নিয়ে যায়।






