পূর্ব মেদিনীপুরের এগরা-২ নম্বর ব্লকের বাথুয়াড়ী গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এবং উত্তরকুঁড়ি গ্রামীন মেলা ও উৎসব কমিটির ব্যবস্থাপনায় শুক্রবার অনুষ্ঠিত হল এক প্রশংসনীয় রক্তদান শিবির। সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এই শিবিরটি সকাল থেকেই ভিড়ে ভরে ওঠে। ক্লাব সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে নানা বয়সের মানুষ উপস্থিত হয়ে স্বেচ্ছায় রক্তদানে অংশগ্রহণ করেন। শিবিরে মোট ৭০ জন রক্তদাতা রক্তদান করেন, যা স্থানীয় এলাকাবাসীর মধ্যে বিশেষ উৎসাহ সৃষ্টি করে। সংগৃহীত রক্ত সংগ্রহের দায়িত্বে ছিল কোঠারি মেডিকেল সেন্টার ও ব্লাড ব্যাঙ্ক।
আয়োজক সংস্থার প্রধান উপদেষ্টা এবং বাথুয়াড়ী গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য স্বপন কুমার জানা জানান, “বর্তমানে বিভিন্ন হাসপাতালে রক্তের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। সেই ঘাটতি মেটাতে এবং সমাজের প্রতি আমাদের দায়িত্ববোধ থেকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। শুধু রক্তদান নয়, আমাদের মেলা ও উৎসবকে কেন্দ্র করে নরনারায়ণ সেবা, নানা সামাজিক উদ্যোগ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হয়। এলাকার মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।”
স্থানীয় মানুষের সক্রিয় অংশগ্রহণের ফলে উৎসবমুখর পরিবেশে দিনভর রক্তদান কার্যক্রম চলে। শিবিরের প্রতিটি ধাপ সুসংগঠিত ও নিরাপদভাবে সম্পন্ন হয়। রক্তদাতাদের হাতে স্মারক, ফল এবং প্রয়োজনীয় রিফ্রেশমেন্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি রক্তদানের উপকারিতা সম্পর্কেও সচেতনতা মূলক আলোচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক সংস্থার সম্পাদক সৌমেন জানা, সভাপতি তপন জানা, সহ-সভাপতি স্বপন মন্ডল, সহ-সম্পাদক প্রদীপ মন্ডল, এবং কমিটির সক্রিয় সদস্য সুব্রত মাইতি, মহাদেব বেরা, তপন মাইতি, সঞ্জয় জানা প্রমুখ। তাঁদের সকলের সমন্বিত প্রচেষ্টা এই রক্তদান শিবিরকে সফল করে তোলে।
গ্রামবাসীদের মতে, এই ধরনের সামাজিক উদ্যোগ শুধু মানুষের জীবন রক্ষা করতেই সাহায্য করে না, বরং যুবসমাজকে মানবিক কাজে উৎসাহিত করে। ভবিষ্যতেও এ ধরনের আরও উদ্যোগ নেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।





