লোকসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্য রাজনীতিতে উত্তাপ বাড়ছে। সেই আবহেই রবিবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের সিংদায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল এক বিশাল জনসভা। ‘যতোই করো হামলা, আবার জিতবে বাংলা’—এই স্লোগানকে সামনে রেখে এদিন সিংদার মাটি থেকে বিজেপি-বিরোধী সুর আরও চড়াল তৃণমূল নেতৃত্ব।
সভায় বক্তাদের নিশানায় ছিল মূলত কেন্দ্রের বিজেপি সরকার ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। তৃণমূল নেতাদের অভিযোগ, রাজনৈতিক ময়দানে পরাস্ত হয়ে বিজেপি এখন ইডি, সিবিআই ও আয়কর দফতরকে রাজনৈতিক চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। বিরোধী নেতৃত্বকে হেনস্থা ও ভয় দেখানোর চেষ্টা চলছে বলেও দাবি করা হয়।
সিংদার জনসভায় নেতা-কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী পুলক রায়, কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযুষকান্তি পণ্ডা, পটাশপুরের বিধায়ক তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক-সহ ব্লক ও অঞ্চল স্তরের একাধিক নেতৃত্ব।
জেলা সভাপতি পীযুষকান্তি পণ্ডা তাঁর বক্তব্যে বলেন, “বাংলার মানুষ উন্নয়নের পক্ষে। ভয় দেখিয়ে বা হামলা চালিয়ে তৃণমূলকে দমানো যাবে না।”
পাশাপাশি তিনি বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানান, যা সভাস্থলে রাজনৈতিক উত্তেজনা বাড়ায়।সভা থেকে আসন্ন নির্বাচনের রণকৌশল নিয়েও আলোচনা হয়। বুথ স্তরের কর্মীদের সংগঠিত ও চাঙ্গা থাকার বার্তা দিয়ে জেলা নেতৃত্ব বলেন, মানুষের পাশে থেকেই ভোটের লড়াইয়ে নামবে তৃণমূল। জনসভা শেষে কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাস লক্ষ্য করা যায়।





